image
উলিপুর (কুড়িগ্রাম) : আগুনে পুড়ে যাওয়া ভিটা -সংবাদ

উলিপুরে শর্টসার্কিটের আগুনে বিধবার ঘর পুড়ে ছাই

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর দলদলিয়া সাহেবের কুটি এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া সাহেবের কুটি এলাকার মৃত আব্দুল জলিলের স্ত্রী সাহিদা বেগম (৪০) এর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাব, নগদ টাকা, কম্পিউটার, সেলাই মেশিন, ব্যবসার জন্য থাকা নতুন কাপড় চাল ধান পুড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষতিগ্রস্ত বিধবা নারী সাহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বামীর মৃত্যুর পর থেকে সেলাই মেশিনে কাপড় কেটে ও অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করছি। মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বাড়িতে যাই। এ সময় খবর পাই বাড়িতে আগুনে লেগেছে এসে দেখি চোখের সামনে সব পুড়ে যাচ্ছে। অন্যের কাছে ধার ও ঋণ করে ব্যবসার জন্য নতুন কাপড় কিনে নিয়ে এসেছিলাম। নগদ টাকা, নতুন কাপড়সহ সব পুড়ে গেলো। এখন আমার সংসার চলবে কী দিয়ে।

এলাকার আইয়ুব সরদার (৫৫), দুলাল মিয়া (৪২), এমদাদুল হক (৩৭)সহ আরো অনেকে বলেন, খুব কষ্ট করে সাহিদা বেগম জীবনযাপন করতো। ধারদেনা করে কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু বাড়িতে আগুন লেগে তার সবকিছু শেষ হয়ে গেল।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। ৭টি ঘর ও প্রায় সাড়ে ৩ লাখ টাকার আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগদ টাকা ছিল বলে শুনেছি।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা শহরতলী থেকে ককটেল উদ্ধার

সম্প্রতি