ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় কোনো প্রকার বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডে যাতে রোহিঙ্গাদের ব্যবহার করা না যায়, সেজন্য ক্যাম্পগুলো কার্যত “সিলগালা” রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ক্যাম্পের ভেতর থেকে কোনো রোহিঙ্গা বাইরে বের হতে পারবেন না এবং বাইরে থেকেও কারও প্রবেশের ওপর কড়া নজরদারি থাকবে।
নির্বাচন কমিশনের গোয়েন্দা তথ্যে জানা গেছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসা, আরএসও বা আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল যাতে রোহিঙ্গাদের ভাড়াটে হিসেবে ব্যবহার করে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি, জাল ভোট প্রদান বা ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে, সেজন্যই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রার্থীদের পক্ষে রোহিঙ্গাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা বা অবৈধ অস্ত্রের ব্যবহারের ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্প এলাকায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম এড়াতে ক্যাম্প সংলগ্ন বড় বাজারগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া এনজিও কর্মীদের যাতায়াতও সীমিত করা হবে।
প্রতিটি চেকপোস্টে পরিচয় যাচাই ও তল্লাশি জোরদার করার পাশাপাশি মসজিদের ইমাম ও মাঝিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের উস্কানিমূলক বার্তা যাতে ছড়াতে না পারে, সে লক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও কড়া নজরদারি থাকবে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পগুলোতে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশে নির্বাচনের দিন প্রায় সাড়ে নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যার বড় একটি অংশ নিয়োজিত থাকবে এই রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও বিভিন্ন বাহিনী এখন সমন্বিতভাবে কাজ করছে।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন