নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদীর ওপর অবস্থিত ডেমরা-চনপাড়া সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি উপেক্ষিত থাকায় সেতুটি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে- এমন আশঙ্কা নিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ ও যানবাহন এই সেতু দিয়ে চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেমরা-চনপাড়া সেতুটি ঢাকার ডেমরা এলাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ আশপাশের এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এই সেতু দিয়ে শ্রমজীবী মানুষ, পোশাকশ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের যাতায়াত রয়েছে। বিকল্প কোনো সেতু না থাকায় ঝুঁকি জেনেও বাধ্য হয়ে এই সেতু ব্যবহার করছেন তারা।
সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। স্থানীয়দের অভিযোগ, সেতুর পিলার ও বিভিন্ন অংশের পলেস্তরা খসে পড়ছে, কোথাও কোথাও রড বের হয়ে আছে। নিচের কয়েকটি পিলার মাটি থেকে আলগা হয়ে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে গেলে ঝুঁকি আরও বাড়ে। অনেক সময় সেতুর ওপর দিয়ে ভারী ট্রাক, বাস ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা যায়, যা সেতুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
জানা গেছে, ২০০০ সালে প্রথমবারের মতো সেতুটিতে ফাটল দেখা দিলে বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে ২০১২ সালে সেতুটির বিভিন্ন অংশে গুরুতর ক্ষয় ও পলেস্তরা খসে পড়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সে সময় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বছরের পর বছর ধরে শুধু আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুলে যাই, কাজে যাই। কিন্তু সব সময় ভয় কাজ করে। বড় গাড়ি উঠলেই মনে হয় এখনই ভেঙে পড়বে।’ আরেক বাসিন্দা গৃহবধূ শিউলি বেগম বলেন, ‘বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কিন্তু এই ব্রিজ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।’
স্থানীয় ব্যবসায়ীরাও সেতুটির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সেতুটি ভেঙে গেলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও বড় ধরনের সমস্যা দেখা দেবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেমরা-চনপাড়া সেতুটি নতুন করে নির্মাণের প্রয়োজনীয়তা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা আমাদের নজরে রয়েছে।
নতুন সেতু নির্মাণের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রক্রিয়া চলমান রয়েছে।’ তবে কবে নাগাদ নতুন সেতু নির্মাণ শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, শুধু কাগজে-কলমে প্রক্রিয়া চললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। তারা দ্রুত সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানা গেছে।
সচেতন মহলের মতে, ডেমরা–চনপাড়া সেতুটি শুধু একটি সেতু নয়, এটি লাখো মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। অতীতে দেশের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই বড় কোনো দুর্ঘটনার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
এলাকাবাসীর একটাই দাবি- আর নয় আশ্বাস, দ্রুত ডেমরা–চনপাড়া ব্রিজ সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। তা না হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় এড়াতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন