সারা দেশে ভোট উৎসব চললেও এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আওয়ামী লীগের এক সময়ের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টেরও দেখা মেলেনি।
ভোটের মাঠে টুঙ্গিপাড়া: নেই চিরচেনা আমেজ
গোপালগঞ্জ-৩ আসন অর্থাৎ টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকাটি বরাবরই দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সমাধি এখানেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারেনি।
সকাল ৭টায় টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী সংশ্লিষ্টরা যথাসময়ে উপস্থিত থাকলেও ভোটারের সারি নেই। এই কেন্দ্রে মোট ২ হাজার ৫৪০ জন ভোটারের মধ্যে ১২৪০ জন নারী ভোটার থাকলেও প্রথম কয়েক ঘণ্টায় উপস্থিতি ছিল প্রায় শূন্য।
কেন এই অনাগ্রহ?
গোপালগঞ্জের তিনটি আসনে প্রায় ১০ লাখ ভোটার রয়েছেন। এলাকাটি ঐতিহ্যগতভাবেই আওয়ামী লীগ অধ্যুষিত। অতীতে প্রতিটি নির্বাচনে এখানে নৌকার প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়ে আসছেন। কিন্তু এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবং দলটির পক্ষ থেকে ভোট বর্জনের ডাক দেওয়ায় সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের প্রভাবশালী ও পদধারী নেতারা প্রকাশ্যে কোনো কর্মসূচি না দিলেও পর্দার আড়ালে ভোট বর্জনের প্রভাব কাজ করছে। মামলার ভয়ে অনেক নেতা আত্মগোপনে বা জেলে থাকলেও সাধারণ সমর্থকদের মাঝে ভোটের চিরচেনা সেই উত্তেজনা নেই।
প্রার্থীদের প্রত্যাশা ও নিরাপত্তা
ভোটার উপস্থিতি কম হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টরা এখনো হাল ছাড়েননি। তারা আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়তে পারে। দিনশেষে অন্তত ৫০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তাদের প্রত্যাশা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও ভোটকেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
জাতীয়: ভোট দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়: “মেইনস্ট্রিম মিডিয়ায়ই ভরসা”
জাতীয়: ৮০ বছরের চান বানুর ভোট উৎসব