সারাদেশের মতো মাগুরা জেলাতেও আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার দুটি সংসদীয় আসনের মোট ৩০১টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
৪টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৮ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ১৮ হাজার ৫৬৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। জেলার এই বৃহৎ সংখ্যক ভোটারের রায় নিতে প্রস্তুত রয়েছে প্রশাসন ও নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মাগুরা-১ আসনে ১১ জন এবং মাগুরা-২ আসনে ৪ জন নিয়ে মোট ১৫ জন প্রার্থী এবারের নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপি সমর্থিত প্রার্থী মনোয়ার হোসেনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাপা ও স্বতন্ত্রসহ বেশ কয়েকজন প্রার্থী। অন্যদিকে মাগুরা-২ আসনে বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ ৪ জন প্রার্থী মূল লড়াইয়ে রয়েছেন।
ভোটগ্রহণের শুরুর দিকেই বিভিন্ন কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরা। ভোট প্রদান শেষে তারা উপস্থিত সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন। মাগুরা-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভোট দিয়ে বলেন, পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত চমৎকার এবং শান্তিপূর্ণ। ভোটাররা উৎসবের আমেজে কেন্দ্রে আসছেন। শেষ পর্যন্ত এমন নিরপেক্ষ অবস্থা বজায় থাকলে একটি আদর্শ নির্বাচন উপহার পাবে মাগুরাবাসী।
নির্বাচনকে ঘিরে মাগুরার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মাঝেও স্বস্তি দেখা গেছে।
জাতীয়: ভোট দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়: “মেইনস্ট্রিম মিডিয়ায়ই ভরসা”
জাতীয়: ৮০ বছরের চান বানুর ভোট উৎসব