image

নওগাঁয় ৬ আসনে ৩৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও পরিস্থিতি শান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে নওগাঁর ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৭৮২টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের মোটামুটি ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে শীতের সকাল উপেক্ষা করে প্রবীণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা মনে করছেন, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারের ভিড় আরও বাড়বে।

নওগাঁর ৬টি আসনে এবার মোট ৩২ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এই বিশাল সংখ্যক জনগণ তাদের আগামী দিনের প্রতিনিধি নির্বাচনে আজ ব্যালটে রায় দিচ্ছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলার ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনকে উৎসবমুখর ও স্বচ্ছ করতে প্রায় সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান: মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তদারকি করছেন যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা শহরতলী থেকে ককটেল উদ্ধার

সম্প্রতি