image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজশাহী চারঘাটে কৃষক দলের নেতার ওপর নৃশংস হামলা

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুরর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করে পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকার কালুহাটি-আড়ানী সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাজ আলী মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় পৌঁছালে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। হামলাকারী চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিরাজ আলীর বড় ভাই আব্দুল মজিদ জানান, হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেটে কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কারও সঙ্গে বা রাজনৈতিকভাবে বিরাজের কোনো দ্বন্দ্ব ছিল না বলেও দাবি করেন তিনি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেও কোনো বিরোধ ছিল না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্প্রতি