image

ঝালকাঠির দুই আসনে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড়

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির দুই সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে।

শহরের ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, ঝালকাঠি সরকারি কলেজ এবং সদর উপজেলার কুতুবকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। বেশ কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠির দুটি আসনে মোট ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩৫টি। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

ভোটকে ঘিরে জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে।

নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। ভোটারদের অনেকেই বলছেন, উৎসবের আমেজেই তারা ভোট দিতে এসেছে। অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোতালেব হোসেন দাঁড়িপাল্লার পক্ষে টাকা বিতরণকালে জনতার হাতে আটক হয়, তাকে পরে প্রত্যাহার করা হয়েছে ।

এছাড়া সকাল ৯টা দিকে রাজাপুর ৫৭ নং পশ্চিম বাড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের সকল এজেন্ট বিএনপির পক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ দলীয় প্রার্থীদের। সকাল ১০টা যাবত অন্যকোন গোলযোগের সংবাদ পাওয়া যায়নি।

সম্প্রতি