মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের গাজী মার্কেটে সংঘর্ষ ঘটে। এতে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইমরান হোসেন (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০) টেটাবিদ্ধ হয়েছেন। রিয়াজুল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে ঢাকার মিডফোর্ড হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব চান্দেরচর গ্রামের রমজান গ্রুপের সদস্যরা আগে কালাইচান মাতবর গ্রুপের সেলিম নামে এক ব্যক্তিকে মারধর করেছিল। বুধবার দুপুরে রমজান গ্রুপের সোহাগ গাজী মার্কেটে পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান মাতবর গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রমজানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টেটাযুদ্ধের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় কালাইচান গ্রুপের ৪টি ঘর ভাঙচুর ও ১টি দোকান লুট করা হয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট ও ক্ষতি হয়।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযুক্ত কালাইচান মাতবর ও রমজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সিরাজদিখান থানার (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় এই মারামারি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা