ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ (উখিয়া) আসনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি। কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক নারী ভোটার পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তরুণ ও প্রথমবারের ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।
উখিয়ার রাজাপালং, পালংখালী, জালিয়াপালং, হলদিয়াপালং ও রত্নপালং ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে একই চিত্র দেখা গেছে। কোথাও ধীরস্থির পরিবেশে ভোটগ্রহণ চলছে, কোথাও আবার ভোটারদের দীর্ঘ সারি। প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যরা কাজ করছেন, বাইরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এছাড়া যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করছে বলে জানা গেছে।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে কয়েকজন ভোটার বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট। এক নারী ভোটার জানান, ‘সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। কোনো ঝামেলা নেই, পরিবেশ ভালো।’ একজন প্রবীণ ভোটার বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে ভালো লাগছে। প্রশাসন সুন্দরভাবে ব্যবস্থা নিয়েছে।
ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ জাহান চৌধুরী সকালেই কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। জনগণ যাকে নির্বাচিত করবেন, সেই রায় আমরা মেনে নেব।’ একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের প্রত্যাশা। ভোটাররা যেন কোনো ভয়-ভীতি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন- আমরা সেটিই চাই।’ তিনি তার সমর্থকদের শান্ত ও সংযত থাকার অনুরোধ জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘উখিয়ায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও জানান, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে গোটা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দিনের বাকি সময়ও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোট শেষে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করা হবে বলেও তারা জানিয়েছেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উখিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলছে।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা