ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। সকাল থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল পর্যন্ত। দীর্ঘদিন পর ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা বাহিনীও ভোটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছেন। কিন্তু এ পরিস্থিতিতেও সারাদেশের কয়েক এলাকায় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা।
এদিন খুলনার আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
এদিকে, মুন্সীগঞ্জ এবং গোপালগঞ্জে ককটেল বিস্ফরনের ঘটনা ঘটেছে। জানা যায়, মুন্সীগঞ্জে-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রেও ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রর মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
অন্যদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। পাশাপাশি, রাজশাহী মহানগরীর চন্দ্রিমার শিরইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ও দুদুকছড়ি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে সশস্ত্র গ্রুপ হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।
উল্লেখ্য, ইসির তথ্য মতে, সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
ভোটের মাঠে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা