রুমিন ফারহানার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার তিন কর্মীকে বিনা কারণে আটক করা হয়েছে এবং অন্তত নয়টি ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সকাল সোয়া ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ভোট শুরু হয়েছে দুই ঘণ্টা হয়েছে। এখনই সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। সারা দিনের ভোট বাকি রয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, আমার তিনজন কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে। এছাড়া নয়টি ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশ, আর্মি ও প্রশাসনকে জানিয়েছি।
খাঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার রাত ১টার পর আশুগঞ্জ উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনোয়ার হোসেন মৃধা ও নূর আলমকে আটক করে পুলিশ। অন্যদিকে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সফিউদ্দীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে যুবদলের বহিষ্কৃত নেতা নাছির মুন্সিকে আটক করা হয়। আটক তিনজনই রুমিন ফারহানার পক্ষের কর্মী বলে জানা গেছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আটজন। এ আসনে মূল লড়াই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা