যশোরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্বতঃস্ফূর্তভাবেই মানুষ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ৭টা থেকেই মানুষ ভোটকেন্দ্রের সামনে ভিড় জমিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ টাকার বিনিময়ে তাদের ভোট নামক পবিত্র আমানতের খেয়ানত করবে না। সাধারণ মানুষের ওপর আমার সেই পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অমিত বলেন, সেই বিশেষ রাজনৈতিক দলটি যশোরেও টাকার বস্তা নিয়ে মাঠে নামার চেষ্টা করেছিল, কিন্তু সচেতন জনগণ তাদের রুখে দিয়েছে। যারা মুখে সৎ লোকের শাসনের কথা বলে, অথচ অসাধু উপায়ে বা অসৎ পথে নির্বাচিত হওয়ার চেষ্টা করে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না।
তিনি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা বা বোমাবাজির খবর নেই, যা অত্যন্ত স্বস্তির বিষয়। আমি আশা করি, ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। দীর্ঘ সময় পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাক্সিক্ষত সরকার গঠন করতে পারবে।
এদিকে, যশোর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন সকাল ৭টা ৩০ মিনিটে শহরের খোলাডাঙ্গা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি দিনের প্রথম ভোটটি দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভিপি আব্দুল কাদের নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে আসছেন ভোট দিতে।
দিনের প্রথম ভাগের পরিস্থিতি নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর। আমি আশা করি, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। জনগণের রায়ে একটি সুন্দর ফলাফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা