image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ আহত ৮

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

ভোটের আগের রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ নিয়ে বাগেরহাট-২ আসনের সদর উপজেলার বারুইপাড়া এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে বেরিয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াতের কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা হয়। এতে তাদের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তাদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় ঢুকেছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে গন্ডগোল হয়। এতে বিএনপির দুজন আহত হয়েছেন। সংঘর্ষে আহত জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক ও বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন ৮ থেকে ১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাদের বাধা দিলে এক কথায়, দুই কথায় তাদের মধ্যে গন্ডগোল বাঁধে। তিনি বলেন, ‘আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, রাতে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে নির্বাচনের দিন সকাল ১০টার দিকে বাগেরহাট শহরতলীর হাড়ীখালী কাঠের পোল এলাকার একটি ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। গোপন খবর পেয়ে যৌথবাহিনী এলাকার একটি পাকা ভবন ঘেরাও করে তল্লাশি দিয়ে এ অস্ত্র উদ্ধার করে বলে থানার ওসি জানান। উল্লেখ একই এলাকা থেকে বুধবার ভোর রাতে ৬টি তাজা ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী।

সম্প্রতি