image
গোপালগঞ্জ : জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ -সংবাদ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ, প্রতিনিধি

গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের মিডিয়া গ্রুপে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন লঞ্চঘাট টু ঘোনাপাড়া পৌর সড়কের ফুটপাতে দুষ্কৃতকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুষ্কৃতকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় মর্মে স্থানীয়ভাবে জানা যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার অফিসার ইনচার্জ, ঘটনাস্থল পরিদর্শন করেন। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

জেলা পুলিশের গ্রুপ থেকে ককটেল বিস্ফোরণের যে জায়গাটি উল্লেখ করা হয়েছে, সেটি জেলা প্রশাসকের বাসভবনের সামনে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শহরের ৪ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ শহরের কলেজ রোডের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরও আগে ১২ ডিসেম্বর শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দুষ্কৃতকারীরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এ সময় দুষ্কৃতকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিসি ক্যামেরা আতঙ্ক, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাগেরহাটে নির্বাচন শুরু

» নাটোরে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শুরু

» শেরপুরে কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই

সম্প্রতি