image

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে প্রথমবার সব আসনে বিএনপি জয়ী

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার চা বাগানের কেন্দ্রগুলোতে এবার ধানের শীষের জয়-জয়কার। ধারে কাছেও নেই অন্য প্রতিদ্বন্দ্বী।

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলার ৪টি আসনেই বিএনপি জয়লাভ করেছে। এর আগে বিভিন্ন সময়ে একাধিক আসনে ২টি বা ৩টি আসনে বিএনপি জয়লাভ করে আসছিল দলটি।

এ ৪টি আসনের মধ্যে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের আসন। মৌলভীবাজার-৩ আসনে এবারও জয়লাভ করেছেন এম সাইফুর রহমানের জেষ্ট্য পুত্র ও নাসের রহমান।

ঘোষিত নির্বাচনী ফলাফল অনুসারে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বিএনপি দলীয় প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৪৮ হাজার ৩৫৭ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি দলীয় প্রার্থী শওকতুল ইসলাম ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। জামায়াতের আমির শফিকুর রহমানের গ্রামের বাড়ির এ আসনে নির্বাচনী প্রচারকালে তিনি নিজেকে ‘ছায়া প্রার্থী’ ঘোষণা করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বিএনপি দলীয় প্রার্থী নাসের রহমান ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি দলীয় প্রার্থী মুজিববুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়েছেন।

চা বাগানে ধানের শীষেরনিরঙ্কুশ বিজয়

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের ভোটের ফলাফলে চা শ্রমিকদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার চা বাগানের কেন্দ্রগুলোতে ধানের শীষে বিএনপি প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। অতীতে নির্বাচনগুলোতে এমনটি কখনোই হয়নি।

কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) কমলগঞ্জ আলী নগর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২১৪ ভোট পান। এ কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী (রিকশা) ১২২ ভোট, এনসিপির প্রীতম দাশ (শাপলা কলি) ১১৪ ভোট এবং স্বতন্দ্র প্রার্থী মহসীন মিয়া (ফুটবল) ৯০ ভোট পান। কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৬৬১ ভোট, রিকশা প্রতীকে ৬১ ভোট, ফুটবলে ৬২ এবং শাপলা কলি, মই ও লাঙ্গল প্রতীকে ৫টি করে ভোট পড়েছে। কমলগঞ্জের ধলই চা বাগান কেন্দ্রে যেখানে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১ হাজার, সেখানে রিকশা প্রতীকে ৫৮, ফুটবল ৪০, শাপলা কলি ৪১, মই ২৫ ও লাঙ্গলে ৫ ভোট। এচিত্র মৌলভীবাজার-৪ আসনের পুরো চা বাগান এলাকা জুড়েই।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের বিজয়ী প্রার্থী বিএনপির নাসির উদ্দিন আহমেদ নির্বাচনের একজন সার্বক্ষণিক কর্মী জানিয়েছেন, বড়লেখা ও জুড়ি উপজেলার ভোটের ফলাফলে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে বড় ব্যবধান সৃষ্টি করেছে চা বাগানের কেন্দ্র এবং সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকার কেন্দ্র গুলোর ফলাফল। এসব কেন্দ্রে বিএনপি দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বী জামায়াত দলীয় প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। ফুলতলা চা বাগান কেন্দ্রে বিজয়ী প্রার্থী বিএনপির নাসির উদ্দিন আহমেদ ধানের শীষে ১১৭৮ ভোট এবং নিকটতম প্রাথী জামায়াতের ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম ১৮৬ ভোট পেয়েছেন। কাপনা পাহাড় চা বাগান কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১৬১৩ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ১৪৫ ভোট পড়েছে।

কুলাউড়া উপজেলার চা বাগানের ভোটও বেশি পড়েছে ধানের শীষের প্রতীকে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর রাতে নিজ বাসভবনে সমেবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য কালে মৌলভীবাজার জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দেয়ায় সনাতন ধর্মালম্বীদের ধন্যবাদ জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি