image
ছবিঃ সংগৃহীত

কমলগঞ্জে চা-শ্রমিকের মরদেহ উদ্ধার এলাকায় উদ্বেগ

প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা-বাগান থেকে রতন শুভ কর (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাগানের বড় লাইন সেকশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগান এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিহত রতন শুভ কর ওই বাগানের চা-শ্রমিক শুকতা শুভকরের ছেলে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্থানীয় চা-শ্রমিকরা সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে বলেও এলাকায় আলোচনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

নিহতের বড় ভাই লক্ষীন ধর জানান, গত মঙ্গলবার রাত থেকে রতনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বড় লাইন এলাকায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবার গিয়ে শনাক্ত করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি