image

অন্যায় করলে আমার বাবাকেও যেন ছাড় দেওয়া না হয়, বিজয়ী হয়ে হাসনাত

সংবাদ অনলাইন রিপোর্ট

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ী বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি জানিয়ে দেন, এখন থেকে দেবিদ্বারের মাটিতে আর কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম সহ্য করা হবে না। উপস্থিত জনতার সামনে তিনি ঘোষণা দেন, আজ থেকে এলাকায় চাঁদাবাজির কবর দেওয়া হলো।

হাসনাত আবদুল্লাহ বলেন, এলাকায় কোনো টেন্ডারবাজি বা প্রভাব খাটানো চলবে না। এমনকি তার বাবাও যদি কোনো অন্যায় কাজ নিয়ে আসেন, তবে তাকেও যেন ছাড় দেওয়া না হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের কোনো সরকারি অফিস বা আদালতে এখন থেকে ঘুষ কিংবা দুর্নীতির কোনো স্থান হবে না।

যারা এখানে সরকারি চাকরি করতে আসবেন, তাদের অনিয়মের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দিয়ে তিনি জানান, সরকারি বেতন-ভাতার বাইরে কোনো অবৈধ সুবিধা নেওয়া যাবে না।

এলাকার ব্যবসায়ী, সিএনজি চালক এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, সরকারি ফি ছাড়া আর কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদা দাবি করে, তবে তাকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করুন।

নিজের নিরাপত্তা ও ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলে তার রাজনৈতিক পক্ষ-বিপক্ষ সবাই নিরাপদ থাকবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাদের ওপর কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে সাথে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফলে হাসনাত আবদুল্লাহ বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোটভুক্ত প্রার্থী ও গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট। বিজয়ী হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তিনি দেশের স্বার্থে নিজেদের সংশোধন করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি