ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক (ধানের শীষ) ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়ে প্রাথমিক বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট। খন্দকার আবু আশফাক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৩ হাজার ৪৯৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
দোহার উপজেলার ৭৮টি কেন্দ্রের মধ্যে ৭৮টি কেন্দ্রেরই প্রাপ্ত ফলাফলে খন্দকার আবু আশফাক (ধানের শীষ) পেয়েছেন ৬০ হাজার ৪২১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৮ হাজার ৪৯১ ভোট।
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রেরই প্রাপ্ত ফলাফলে খন্দকার আবু আশফাক (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৮১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬০ হাজার ৩১৮ ভোট।
ইসলামী আন্দোলনের প্রার্থী নূরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ৫৩৮ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিম হুদা (হরিণ) পেয়েছেন ৪ হাজার ৮২৪ ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন মোল্লা পেয়েছেন ১ হাজার ৩৪৫ ভোট ও বাংলাদেশ লেবার পার্টির শেখ আলী পেয়েছেন ২৭৩ ভোট।
ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩টি। বাতিল হয়েছে ৫ হাজার ৬৯৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ৬১৩ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন।
ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোহার-নবাবগঞ্জের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে সমাজের উন্নয়নে কাজ করতে চাই। এখন থেকে আমরা সংখ্যালঘু শব্দটি ভুলে যেতে চাই। কেননা আমরা সবাই ভাই ভাই হিসেবে সমাজে শান্তিতে বসবাস করতে চাই।
এদিকে ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক (ধানের শীষ) নির্বাচনে জয় লাভ করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)।
নির্বাচন-পরবর্তী এক বার্তায় ব্যারিস্টার নজরুল বলেন, ‘জনগণের রায়ে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’ তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহনশীলতার স্বার্থে সকলের উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।
উল্লেখ্য, ২০০৮ সালে দোহার এবং নবাবগঞ্জ দুইটি উপজেলা নিয়ে সংসদীয় ঢাকা-১ আসন গঠিত হয়। ২০০৮ সালের পূর্বে দোহার উপজেলা নিয়ে ঢাকা-১ আসন এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে সংসদীয় ঢাকা-২ আসন ছিল।