গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় আজিরন নেছা (২৮) নামে এক গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার আনুমানিক সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আলোচিত এ হত্যাকাণ্ডের পর একজন দুর্বৃত্তকে ওই বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন জানান, রওশন মার্কেট এলাকায় জনৈক বাবুল মিয়ার স্ত্রী আজিরন নেছোকে নিয়ে তিনি নিজ বাড়িতে বসবাস করতেন। আজ সকাল আনুমানিক ৬টার সময় বাবুল মিয়া স্ত্রীকে বাসায় রেখে চায়ের দোকানে যান। পরবর্তীতে আধাঘণ্টা পর বাসায় ফিরে তিনি দেখেন, তার স্ত্রীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। পরে বিষয়টি তিনি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রীর ছেলে রাব্বি কয়েকজন সহযোগী নিয়ে ভোরে বাড়িতে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। তখন তিনি বাসায় ছিলেন না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকতা।
রাজনীতি: মঈন খান ৪র্থবার এমপি নির্বাচিত হলেন
সারাদেশ: ঝালকাঠির দুটি আসনেই বিজয়ী বিএনপি
সারাদেশ: মোহনগঞ্জে সরিষার ভালো ফলনে খুশি কৃষক