image

পূর্বধলায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. কামাল হোসেন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণডহর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত কামাল হোসেন অভিযোগ করেন, বিকেলে তিনি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাশের খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের এক জামায়াত নেতার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালান। হামলাকারীরা পাইপ দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা জানিয়েছেন, নারায়ণডহর ওয়ার্ডের জামায়াত সভাপতি রেজাউল হক রাজিব ও বিএনপি কর্মী কামালের মধ্যে রাজনৈতিক আলাপচারিতার সময় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে কামাল এক পাশে পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ঘটনাটি থেমে যায়। তারা আরও দাবি করেছেন, বিএনপির স্থানীয় নেতা ও কর্মীরা নিজেরা অফিসের চেয়ার ও টেবিল এলোমেলো করে এটি ভাঙচুরের ঘটনা হিসেবে প্রচার করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি