image
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে গেছে শিমুলিয়া ঘাট বিএনপি কার্যালয় -সংবাদ

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে ভোর রাতে অগ্নিসংযোগ

সংবাদদাতা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার,(১৪ ফেব্রুয়ারী ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতকারী শিমুলিয়া ঘাট এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, কার্যালয়ের একটি কক্ষের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আংশিকভাবে পুড়ে গেছে। আগুনের তাপে দেয়াল ও ছাদ কালো হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখাও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি