মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে সৌন্দর্যবর্ধনকারী ৯টি আকাশমনি গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছের খণ্ডাংশ উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের পাশের গাছগুলো রাতের আঁধারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, কেটে নেয়া গাছের অংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও কার্যকর উদ্যোগ দেখা যায় না। এখন রাস্তার পাশের গাছ কেটে নেয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেয়া হয় এবং শুক্রবার সন্ধ্যায় বন বিভাগের উদ্ধার অভিযানে তিনি সহযোগিতা করেন। উদ্ধার হওয়া গাছের খ-াংশের সংখ্যা প্রায় ২০টি।
স্থানীয় পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, তার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেয়া হয়েছে। বন বিভাগ গাছ উদ্ধার করলেও দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।