প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় নির্বাচনের পর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী টিপু গ্রুপের ৭ জন ও বিএনপির পুতুল গ্রুপের ৩ জনসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন টিপু গ্রুপের তৈইজাল (৪৬), কাজল (২৪), ছাব্বির (১৯), আউলিয়া (৫৫), ইমরান হোসেন (২৭) এবং পুতুল গ্রুপের বিজয় আমিন (২৮), আহমেদ (৩০) ও অপর তিনজন। তাৎক্ষণিকভাবে অপর দুই আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংঘর্ষের সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে টিপু সমর্থক আউলিয়ার চাউলের দোকান তল্লাশি করে দেশীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মোয়াজ্জেম হোসেন/এসএইচ/এসএএম
সারাদেশ: লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
আন্তর্জাতিক: বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ
জাতীয়: শপথ অনুষ্ঠানে আসছে না মোদি