image

বাগেরহাটে শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসতঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম আক্তার সিংড়াই উত্তরপাড়া গ্রামের রিকশাচালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেলে মেয়েটির মা তার ৩ বছরের ছেলেকে রেখে পাশের সবজি ক্ষেতে যান। সন্ধ্যার আগমুহূর্তে ছোট শিশুটি কাঁদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম এসে দেখতে পান, মীম আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। এ সময় ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে শিশুটি হত্যা না আত্মহত্যা-এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, শিশু মেয়েটির মৃত্যু রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন হবে।

আজাদুল হক/এসএএম

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি