image

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৬

সংবাদ অনলাইন রিপোর্ট

আজাদুল হক, বাগেরহাট।

বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া বাজারে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আজিজ সরদার, পপলু সরদার, সাগর সরদার, আরিচ সরদার, আব্দুর রহমান শেখ, রোমান মোড়ল, জাকির মোড়ল, মিলন মোড়ল, আবুল হোসেন শেখ ও ইমরান মোড়লের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি বারুইপাড়া ও আড়পাড়া গ্রামে।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের ছয়জন দুর্বৃত্তকে আটক করা হয়। আটকরা হলেন— তুহিন পাইক (২৬), আরাফাত হোসেন (২২), মো. আব্দুল সালাম (৪৫), সাদ মোড়ল (২১), রবিউল ইসলাম (২৮) ও সুজন মোড়ল (৩০)।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান আজ রোববার সকালে জানান, বারুইপাড়ার আড়পাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার রাতেই মামলা হয়েছে। আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএএম

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি