image

কুষ্টিয়ার চার আসনে জামানত হারালেন ১৭ প্রার্থী

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চারটি আসনে ১৪টি রাজনৈতিক দল ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন।

নির্বাচন কমিশনের (ইসি) বিদ্যমান বিধি অনুযায়ী, কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) : এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। এ আসনের ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. গিয়াস উদ্দীন তারা প্রতীকে পেয়েছেন ২০৩ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. বদিরুজ্জামান মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মো. নুরুজ্জামান হাবলু মোল্লা সাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৬৪ ভোট। গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১৩ ভোট। জাতীয় পার্টির মো. শাহারিয়ার জামিল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) : এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৯১১ জন। এ আসনের তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ কাস্তে প্রতীকে পেয়েছেন ৮০ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী। হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট।

কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) : এ আসনে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ২৮৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩২৩ জন। এ আসনের চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মীর নাজমুল ইসলাম মই প্রতীকে পেয়েছেন ৪৪২ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন হাতি প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ্ আকন্দ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫৩ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) : এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬০ জন। এ আসনের চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৩ ভোট। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ রকেট প্রতীকে পেয়েছেন ৬৭১ ভোট। গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট। বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩০৮ ভোট।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা চারটি আসনেই জামানত হারিয়েছেন।

মিজানুর রহমান লাকী/এসএইচ

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি