বিশ্ব ভালোবাসা দিবস আবার কারো কাছে ভ্যালেন্টাইন্স ডে নামেও পরিচিত। এটি একটি বার্ষিক উৎসবের দিন যা প্রতি বছর ১৪ ফেব্রুয়ারিতে পালন হয়ে থাকে।
আর এই দিবসটি উপলক্ষে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিভিন্ন সাজে ভালোবাসা দিবস পালন করতে এসেছিলেন বিভন্ন দম্পতি, প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধবীরা।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, দিবসটি পালন করতে বিভিন্ন বয়সের নারী-পুরুষরা বিভিন্ন সাজে সেজে এসেছেন এই পাহাড়পুরে। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তের আমেজে নারী-পুরুষেরা নানা রঙের পোশাকে মেতে উঠেছেন। নারীরা সাধারণত বাসন্তী, লাল, নীল, হলুদ ও বিভিন্ন উজ্জ্বল রঙের শাড়ি, সালোয়ার-কামিজের সাথে মাথায় ও হতে ফুলের সাজে সেজে ছিলেন। পুরুষরা পাঞ্জাবি, শার্ট বা ফতুয়া পরিধান করছেন। অনেকে সঙ্গী বা সঙ্গিনীর সাথে মিলিয়ে পোশাক (কাপল ড্রেস) পরেছিলেন।
প্রবীণ কিছু ব্যক্তিরা বলেন, আগে ভালোবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে উদযাপিত হয় এই দিনটি। কিন্তু এখন এই দিনটি আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার দিন হিসাবে পরিণত হয়েছে । এখন এই দিনটিতে নব দম্পতি, প্রেমিক-প্রেমিকা, ভাই-বোন, বন্ধু-বান্ধবীরা উপহার বিনিময় করে একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।