প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাস জিংলাতলি এলাকায় পৌঁছালে হঠাৎ করেই চালক বাসটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএইচ