পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর থেকে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত শুক্রবার গভীর রাতে বনদস্যু করিম শরীফ বাহিনীর সশস্ত্র দস্যুরা শেলার চর ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন শুঁটকি পল্লীতে হানা দিয়ে ওই জেলেদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় শেলারচরসহ শুঁটকি উৎপাদনকারী অন্যন্য চরের জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতরা হলেন- খাইরুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (২৮), শামসুল ইসলাম (২৫), সফরুল ইসলাম (৩২), মারুফ হোসেন (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের দুবলার চরের শুঁটকি উৎপাদন কেন্দ্রের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে জানান, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শেলারচরের জেলে পল্লীতে হানা দেয় বনদস্যু করিম শরীফ বাহিনী। দস্যুরা অস্ত্রের মুখে করে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় জেলেদের একটি ট্রলারও নিয়ে গেছে দস্যুরা।
ওই বন কর্মকর্তা জানিয়েছেন, শেলারচরে চলতি মৌসুমে ৮০১ জন জেলে নিয়মিত শুঁটকি তৈরির কাজ করছেন। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অধিকাংশ জেলে ও তাদের মহাজনরা নিজ নিজ এলাকায় ভোট দিতে চলে গেছেন। এ কারণে শুঁটকি পল্লীর পুরোটাই জনশূন্য। পাহারাদার হিসেবে চরে অল্পসংখ্যক জেলে অবস্থান করায় দস্যুরা এই সুযোগটা গ্রহণ করেছে। অপহৃত জেলেরা কোন মহজন বা বহদ্দারের তা জানাতে পারেননি তিনি।
আরিফুল হক মিঠু নামে শেলারচরের একজন মহাজন জানান, ছয় জেলে অপহরণের খবর ছড়িয়ে পড়ার পরে শুঁটকি চরের জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। দস্যু দমনে আগের মতো সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরীফুল ইসলাম ছয় জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুঁটকি পল্লী থেকে জেলে অপহরণের ঘটনাটি আমরা স্বাভাবিকভাবে দেখছি না। ঘটনার পর থেকে শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তায় ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনার জন্য কোস্টগার্ডকে অবহিত করে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন