টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে মো. আমির আলী ভ্যানচালক (৪০), এবং একই এলাকার মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে আহতদের মেডিকেলে চিকিৎসার জন্য পাঠালে তারা রাস্তায় মৃত্যুবরণ করেন।