বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে এবং নিজ বাড়ি থেকে এই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
নিহত রহিমা বেগম আবু তালের স্ত্রী। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কে বা কারা কি কারনে এই বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টার দিকে ৯৯৯-এ কল আসে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।