আসন্ন ১৭ তারিখে সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি ও মেঘনা এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৪৩ মিনিটে ড. খন্দকার মারুফ হোসেনের ভেরিফাই ফেসবুকে দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশে এ কথা বলেন।
ড. মারুফ হোসেন বলেন ‘ গতকাল রবিবার থেকেই ঘোষণা করছি- দাউদকান্দি ও মেঘনা এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের স্থান হবে না।’
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দেয়া হবে। নেতারা আরও সতর্ক করে বলেন, যদি এসব অপকর্মে দলের কোনো ব্যক্তি জড়িত থাকার চেষ্টা করেন, তাহলেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। দলীয় পরিচয় কাউকে ছাড় দেবে না বলেও তারা স্পষ্ট করেন।
ড. মারুফ হোসেন আরো বলেন, দাউদকান্দি ও মেঘনাকে একটি সুখী, শান্তিময় ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।