image
বেনাপোল (যশোর) : খাস জমি দখল করে আমের আড়ৎ নির্মাণ -সংবাদ

শার্শায় জেলা পরিষদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা আম বাজার সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে আমের আড়ৎ নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ী শাহাজান কবির পন্ডিত। ওই জায়গা ঘিরে ইটের দেয়াল ও পিলার তোলা হয়েছে। উপরের অংশে টিন দিয়ে ঘর নির্মাণ প্রায় শেষ। প্রায় চার শতক জমির উপর এ স্থাপনা গড়ে উঠেছে।

এলাকাবাসী জানান, বাগুড়ী মৌজার প্রধান সড়কের পাশে জেলা পরিষদের বেশ কিছু জমি রয়েছে, যা বছরের পর বছর ধরে একটু একটু করে বেদখল হয়ে যাচ্ছে। অনেক সময় প্রভাবশালী মহল কিংবা কাগজপত্রের ফাঁকফোকর দেখিয়ে দখলদাররা স্থাপনা তুলে ফেলেন। শুরুতে প্রশাসনের নড়াচড়া দেখা গেলেও শেষ পর্যন্ত আর কিছুই হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা নিজের চোখে দেখেছি জায়গাটা সরকারি। যখন কাজ শুরু হয়, তখন প্রশাসন বন্ধও করে দেন। কিন্তু কয়েকদিন পর দেখি আবার কাজ শুরু, পরে তো পুরো ঘরই দাঁড়িয়ে গেল। এভাবে যদি সরকারি জমি একের পর এক ব্যক্তির দখলে চলে যায়, ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা জনস্বার্থে কোনো কাজ করতে গেলে জায়গা পাওয়া যাবে না।

অভিযুক্ত সরকারি জমি দখলকারী শাহাজান কবির পন্ডিত বলেন, তিনি মূলত নিজের জমিতেই ঘর নির্মাণ করছেন। তবে জেলা পরিষদের কিছু অংশ সঙ্গে যোগ হয়ে থাকতে পারে। জেলা পরিষদ নিষেধ করলে তিনি ঘর ভেঙে নেবেন বলেও দাবি করেন।

এ বিষয়ে কায়বা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না, এসিল্যান্ড অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, জেলা পরিষদের জায়গায় স্থাপনা না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যদি সেই নির্দেশ অমান্য করে কেউ নির্মাণ কাজ চালিয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি জমি অবমুক্ত করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

সম্প্রতি