ভোলার চরফ্যাসনে মাদক কেনার টাকা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সম্রাটকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় চরফ্যাসন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা সম্রাট। তিনি বলেন, নিহত আবদুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনের সঙ্গে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। তিনি তাদের মধ্যকার বিরোধ মীমাংসার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। এ দ্বন্দ্বের জেরে গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে বলে তিনি দাবি করেন।
সম্রাট অভিযোগ করেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে সুনাম ক্ষুণ্ন করার জন্য ওই হত্যাকা-ের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে সাংবাদিকদের কাছে উপস্থাপন করছে। তিনি বলেন, এ হত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রতিপক্ষ নিহতের পরিবারকে দিয়ে তাকে এ হত্যাকা-ে জড়িত বলে সংবাদকর্মীদের কাছে বক্তব্য দেয়াচ্ছে।