image

সিরাজগঞ্জে ভোট দিতে এসে জন্ম দেয়া কন্যার নাম রেখেছেন খালেদা জিয়া

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধু।

ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। পরে আম্বিয়া খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়েটি নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম নবজাতককে শুভেচ্ছা জানাতে গৃহবধূর বাড়িতে উপস্থিত হন।

এসময় নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন এবং ফুলের তোড়া উপহার দিয়েছেন তিনি। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ শিশু ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর জন্মসনদ, নগদ অর্থ, পোশাক, ফলমূল ও মিষ্টি দেয়া হয়।

নবজাতক কন্যার পিতা শরিফুল ইসলাম বলেন, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়ায় স্মরণীয় করে রাখতে আমার মেয়ের নাম রেখেছি বেগম খালেদা জিয়া।

শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, আমরা বিএনপিকে ভালোবাসি, ভোট দিতে গিয়ে মেয়ের জন্ম হয়েছে, তাই বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই মেয়ের নাম রেখেছি।

ভোটের দিনে জন্ম নেয়া নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। এই শিশুই আগামীর স্বপ্ন। আমরা তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া নামে শিশুটির জন্ম সনদ দেয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরূল আমিন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইউপি চেয়ারম্যান নান্টুর ইন্তেকাল

» বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

সম্প্রতি