চট্টগ্রামের হাটহাজারীর উত্তর মার্দাশা হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় একটি ওরশে আসার সময় হামলার শিকার হয়ে মো. সাব্বির (২১) নামের রাউজানের এক যুবক হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। গতকার রোববার (১৫ ফেব্রুয়রি) সন্ধ্যা ৭টায় সংবাদ লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ যুবক সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের মানাউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের পুত্র। তার মামা মো. জামাল উদ্দিন সংবাদকে বলেন, শনিবার বিকেলে তার ভাগিনা রাজমিস্ত্রির কাজ শেষ করে বন্ধুদের সঙ্গে বের হয়। রাতে উল্লেখিত স্থানে ওরশে যাওয়ার পথে নদী পাড় হতেই নৌকায় একদল দুর্বৃত্ত হামলা চালায়। সাব্বিরের মাথায় আঘাত লাগে। সে এবং নৌকায় থাকা তার ২ বন্ধুসহ মাঝি নদীতে ঝাঁপ দেন। সবাই উঠে আসলেও সাব্বির রাতে ভেসে যায়। আমরা থানায় অভিযোগ করব। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন মাদার্শা এলাকা এবং বাড়িঘোনা এলাকার ছেলেদের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। তাদের বাড়িঘোনার ছেলে ভেবে হামলা চালানো হতে পারে।
এদিকে ঘটনা জানাজানি হলে হাটহাজারী মডেল থানা পুলিশ, রামদাশহাট নৌ পুলিশ, হাটহাজারী ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরিদল সাব্বিরকে উদ্ধারে অভিযান শুরু করে। রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চলে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি তবে উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। আর এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।
নগর-মহানগর: সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
সারাদেশ: বিজিবির অভিযানে অবৈধ সিরাপসহ আটক ১