মহেশপুরে ইউপি চেয়ারম্যান নান্টুর ইন্তেকাল

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু (৭২) সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে ফতেপুর ইউনিয়নজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গোলাম হায়দার নান্টু প্রথমবার ২৫ মার্চ ২০০৩ থেকে ২১ জুলাই ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ৩০ ডিসেম্বর ২০২১ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আমৃত্যু দায়িত্বে ছিলেন। দুই মেয়াদেই তিনি উন্নয়নমুখী ও জনবান্ধব নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন সহজ-সরল, সবার জন্য উন্মুক্ত একজন জনপ্রতিনিধি। ফতেপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও সেবামূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ইউনিয়নবাসী স্মরণ করবে দীর্ঘদিন।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন,গোলাম হায়দার নান্টু ছিলেন অত্যন্ত আন্তরিক, সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালাম। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি