হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ। তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার চন্ডিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা-বাগানের অধিকাংশ শিশুই নানা সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে। তাদের পরিবারগুলো দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খায়। ফলে সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস কিংবা পুষ্টিকর খাবার জোগাড় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। একটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি স্কুল ড্রেস শুধু পোশাক নয়, এটি তার আত্মসম্মান ও আত্মবিশ্বাসের প্রতীক। যখন সব শিক্ষার্থী একই পোশাকে বিদ্যালয়ে আসে, তখন তাদের মাঝে সমতা ও ঐক্যের অনুভূতি তৈরি হয়। তিনি আরও বলেন, আমরা চাই চা শ্রমিক পরিবারের সন্তানরা পড়াশোনার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করুক।
শিক্ষা হলো দারিদ্র্য দূর করার সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই আমরা শুধু পোশাক বিতরণে সীমাবদ্ধ থাকতে চাই না; পর্যায়ক্রমে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব শিশুরা একদিন দক্ষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ তাদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াবে এবং উপস্থিতির হার বৃদ্ধি পাবে। তিনি জানান, এ উদ্যোগে শ্রমিক পরিবারগুলো উৎসাহিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছেন। উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যসৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের মানবিক উদ্যোগ চা শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাইরুল আক্তার, চুনারুঘাট ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, লস্করপুর ভ্যালি সাধারণ সম্পাদক নিপেন পাল, শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস, মেম্বার বিকাশ তাতি প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।