রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গতকাল সোমবার জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযান/২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও শাহ আলম শেখ (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন প্রামানিকের পাড়া গ্রামের হিরু শেখের ছেলে।
জানা যায়, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা দ্বয়ের নেতৃত্বে সোমবার দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলাধীন কলাবাগান নামক স্থানে পদ্মা নদীতে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং ৩০০ মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিকটস্থ মাদ্রাসায় ওই মাছ বিতরণ করা হয় এবং পরিত্যক্ত এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৩০০ মিটার কারেন্ট জালসহ আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন।