প্রতিনিধি, মাগুরা
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় ভ্রাম্যমাণ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের ‘মেসার্স পবিত্র স্টোর’ নামক প্রতিষ্ঠানে তদারকি করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য খাদ্যপণ্য জব্দ করা হয়। এসব শিশুখাদ্য পাইকারি হিসেবে বিভিন্ন গ্রামের ছোট ছোট দোকানে সরবরাহ করা হচ্ছিল বলে জানা যায়।
এছাড়া প্রতিষ্ঠানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম, অননুমোদিত ও ক্ষতিকর রঙযুক্ত পণ্য বিক্রি, নিম্নমানের নকল ও ভেজাল পণ্য মজুদ এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লিখিত অপরাধে প্রতিষ্ঠানের মালিক বিপুল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, মাগুরা এবং বাংলাদেশ পুলিশ-এর একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রূপক আইচ/এএসএম