টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। গত রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা যায়, ৫ আগস্টে ফ্যাসিবাদের পতনের পর একটি মহলের আক্রমণের ভয়ে সুপরিকল্পিতভাবে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ওই ১৩টি ইউনিয়নের সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ সেবা ত্বরান্বিত করতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করে প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেয়ার নির্দেশ দেয়। এতে জেলা প্রশাসক প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেন।
অতি সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট চেয়ারম্যানরা। পরে ওই ইউপি চেয়ারম্যানরা ওই আদেশ বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে বিগত ২০২৪ সালের ৪ নভেম্বর দেওয়া আদেশ এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাখার এক স্মারকপত্রের মাধ্যমে ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়নের প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানদেরকে পুনর্বহাল করে। সেআ সঙ্গে তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেওয়া হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক ১৩ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের আদেশ দেয়া হয়। এ বিষয়ে সত্যতা স্বীকার করে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক ১৩ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে।