চট্টগ্রামের হাটহাজারীর একটি ওরশে গিয়ে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাউজানের যুবক সাব্বিরের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নদীর রাউজান অংশের মোকামিপাড়া ছায়াচর নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন হালদা নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান আলী। তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর একটি ওরশ থেকে ফেরার পথে নদী পাড় হওয়ার সময় সাব্বিরসহ তার বন্ধুদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রাণ রক্ষা করতে নদীতে ঝাঁপ দেয় সকলে। সবাই উঠে আসলেও সাব্বির নদীতে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে ঘটনার ৫৬ ঘণ্টা পর নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করে।