চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের বিদেশ ফেরত নুর আলম গরুর খামার করার জন্য নিয়ম মেনে কৃষি ব্যাংকে আবেদন করলে ব্যাংক ম্যানেজার তাকে ঋণ না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গরুর খামারি নুর আলম গতকাল সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নুর আলম গত ১৫ মাস আগে প্রবাস থেকে বাড়িতে এসে বেকার হয়ে পড়ে। এ সময় তিনি নিজের কর্মসংস্থানের জন্য একটি গরুর খামার করার পরিকল্পনা নেন। পরিকল্পনা মোতাবেক তিনি ৩১ ফুট লম্বা একটি খামার ঘর তৈরি করেন এবং সেখানে দুটি গরু কিনে তার খামারের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আরও গরু কেনার জন্য প্রায় এক মাস আগে চাটখিল কৃষি ব্যাংকে ৫ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রক্ষিতে ম্যানেজার তাকে দলিল, খতিয়ান, খাজনার রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেয়ার পরেও ব্যাংক ম্যানেজার বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ঋত দিচ্ছে না। এতে করে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরুপায় হয়ে তিনি গত সোমবার বিকেলে ঋণ পাওয়ার সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাকে ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার কাছে আবেদন করার জন্য পরামর্শ দেন।
এরপর খামারি নুর আলম গত সোমবার বিকেলে তার অভিযোগের কপি নিয়ে চাটখিল প্রেস ক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি অবগত করেন এবং তিনি ঋণ পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।