image
দিনাজপুর (বিরামপুর) : মিশুক চালক মোহাম্মদ আলী এখন সফল উদ্যোক্তা -সংবাদ

মিশুক চালক থেকে সফল উদ্যোক্তা বিরামপুরের মোহাম্মদ আলী

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বাগলপাড়া গ্রামের এক সময়ের মিশুক চালক মোহাম্মদ আলী আজ সফল উদ্যোক্তা। কঠোর পরিশ্রম, ধৈর্য আর পাখির প্রতি গভীর ভালোবাসা তাকে এনে দিয়েছে স্বাবলম্বিতার নতুন ঠিকানা।

অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করলেও দীর্ঘদিন ধরেই পাখি পালনের প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই শুরু করেন কোয়েল পাখির ব্যবসা। প্রথমে ছোট পরিসরে ডিম সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটাতেন। তিন বছরের ধারাবাহিক পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেন সাফল্য।

বর্তমানে তার সংগ্রহে রয়েছে আধুনিক ইনকিউবেটর মেশিন, যেখানে একসঙ্গে ১ হাজার থেকে দেড় হাজার ডিম ফুটানো সম্ভব। কোয়েল, হাঁস, রাজহাঁস ও মুরগির ডিম-সবই ফুটানো যায় একই মেশিনে। জানা যায়, মেশিনটি তিনি ২০ হাজার টাকায় সংগ্রহ করেন। প্রতি ডিম ফুটানোর জন্য নেয়া হয় ১৫ টাকা। ফলে আশপাশের অনেক খামারি তাদের ডিম তার বাড়িতে নাম লিখে রেখে যান বাচ্চা ফুটানোর জন্য।

ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ৭ থেকে ১৫ দিন। এক দিনের বাচ্চা থেকে শুরু করে ১০ বা ১৫ দিনের বাচ্চাও অর্ডার অনুযায়ী পাইকারি বিক্রি করেন তিনি। এতে ভালো লাভ হচ্ছে বলে জানান মোহাম্মদ আলী। ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বড় করার পরিকল্পনাও রয়েছে তার। এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, কোয়েলসহ বিভিন্ন পাখির বাচ্চার চাহিদা উপজেলায় দিন দিন বাড়ছে। তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ অধিদপ্তর সবসময় তাদের পাশে রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

» সিলেটে জামায়াতের ভরাডুবির নেপথ্যে

» রমজানের আগে নওগাঁয় নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা

সম্প্রতি