image
রংপুরে টিসিবির পণ্যের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন -সংবাদ

ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

পবিত্র রমজান উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে ভোজ্য তেল চিনি ছোলা বুটসহ বিভিন্ন সামগ্রী টিসিবির মাধ্যমে বিক্রি শুরু হলেও ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে থেকে পণ্য কিনতে না পেরে অনেকেই ফিরে গেছেন। ন্যায্য মুল্যে কেনার জন্য মধ্যবিত্ত পরিবারে নারী পুরুষ লম্বা লাইন ধরে প্রখর রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। খেজুরের মান নিয়েও অসন্তোষ সাধারণ মানুষের। ২শ’ ৫ বর্গকিলোমিটার আয়তনের বিশাল রংপুর সিটি করপোরেশনের মাত্র ১৪টি স্থানে ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পবিত্ররমজান উপলক্ষে মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) থেকে ৫শ’ ৯০ টাকার প্যাকেজে দেয়া হচ্ছে বিভিন্ন পণ্য। মসুর ডাল ২ কেজি ৭০ টাকা কেজি দরে, চিনি এক কেঁজি ৮০ টাকা, ভোজ্য তেল ১১৫ টাকা লিটার দরে ২ লিটার বুট ৬০ টাকা কেঁজি দরে এক কেজি খেজুর ১শ’ ৬০ টাকা কেঁজি দরে আধা কেঁজি ৮০ টাকা। সাধারণ মানুষের অভিযোগ টিসিবি ১শ’ টাকা লিটার দরে ভোজ্য তেল বিক্রি করলেও ট্রাক সেলে ১৫ টাকা লিটার প্রতি বেশি নেয়া হচ্ছে। একইভাবে চিনিসহ অন্যান্য পণ্যের দামও বেশি নেয়া হচ্ছে। এদিকে টিসিবির পণ্য বিক্রি করার খবর পেয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ভোর থেকে শত শত নারী-পুরুষ লম্বা লাইনে ৩/৪ ঘন্টা অপেক্ষা করার পর পণ্য পেলেও অনেকে পণ্য না পেয়ে ফিরে গেছে। তবে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ নারী-পুরুষ মধ্যবিত্ত পরিবারের একটু কম দামে পাবার আশায় তারা পণ্য কেনার জন্য অপেক্ষা করছেন। চিনি ও খেজুরের মান ভালো নয় বলেও অভিযোগ তাদের। রংপুর প্রেসক্লাবের সামনে টিসিবির পণ্য বাহি ট্রাকের সামনে ভোর বেলা থেকে অপেক্ষায় থাকায় নগরীর নুরপুর মহল্লার আকলিমা বেগম জানালেন কার্ডধারীদের কাছে ভোজ্য তেল ১শ’ টাকা লিটার দরেবিক্রি করা হলেও ট্রাক সেল বলে লিটার প্রতি ১৫ টাকা করে দুই লিটারে ৩০ টাকা বেশি নেয়া হচ্ছে। একইভাবে চিনি ও ছোলার দামও বেশি নিচ্ছে তারা। তিনি আরও অভিযোগ করেন খেজুর ১শ’ ৬০ টাকা কেঁজি দরে বিক্রি করছে তবে এর মান ভালো না বলে অভিযোগ করেন তিনি। রংপুর নগরীর নিউ সেনপাড়া মহল্লা থেকে আসা বৃদ্ধা মালতী রানী অভিযোগ করেন সকাল ৯ টায় আসছি এখন দুপুর ১ টা এখনও ৫০ জনের পেছনে পণ্য পাবো বলে মনে হয়না। তিনি বলেন আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি অথচ ট্রাকের সামনে লাইন না ধরেই অনেকেই নিয়ে যাচ্ছে এসব স্বজনপ্রীতি বন্ধ হওয়া উচিত। এদিকে রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা ট্রাকের পেছনে শত শত নারী-পুরুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করে পণ্য না পেয়ে ফিরে গেলেন। দুপুর ৩টায় অন্তত ৪০/৫০ জনকে এভাবে ফিরে যেতে দেখা গেল। মুন্সিপাড়া মহল্লার আমেনা বেগম মোকসেদ আলী বললো ট্রাক সেল আরও বাড়ানো উচিত। এদিকে প্রেসক্লাবের সামনে থাকা টিসিবির ডিলারের ম্যানেজার বললেন নগরীর ১৪টি স্থানে এই সব পণ্য বিক্রি করা হচ্ছে। তারা ৫শ’ জনকে এই পণ্য ৫শ’ ৯০ টাকায় বিক্রি করছেন বলে জানালেন। পণ্যের দাম বেশি নেয়ার ব্যাপারে তিনি বললেন টিসিবির বেঁধে দেয়া দরে তারা বিক্রি করছেন। অন্যদিকে খেজুর আর চিনির মান নিয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি। তবে সাধারণ মানুষের দাবি ট্রাকের সংখ্যা বৃদ্ধি এবং মানসম্মত পণ্য এবং দাম কমিয়ে বিক্রি করার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি