নওগাঁর আত্রাইয়ে সাজু হোসেন (২৬) নামে এক অটোচার্জার ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত সাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজু আত্রাই উপজেলার খোনজোর গ্রামের কাজুমদ্দীনের ছেলে। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত সাজুর মা জাহানারা বিবি ও বোন কুহেলি খাতুন জানান, সাজু অটোচার্জার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বুধবার দুপুরে খাবার খেয়ে ভাড়া নেওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনজন যাত্রী তার ভ্যানে ওঠে। তারা আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে।
একপর্যায়ে রাত পৌনে ৮টার দিকে বৈঠাখালীর শিকারপুর এলাকায় পৌঁছালে ওই যাত্রীরা ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাজু বাধা দিলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাহানারা বিবি বলেন, “সাজুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে হাতুড়ি দিয়ে মারা হয়েছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ঘটনা জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
আন্তর্জাতিক: আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
বিজ্ঞান ও প্রযুক্তি: মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ