আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সূচি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকবে।
ঈদের ছুটি ও ফিরতি যাত্রা শেষে ২৬ মার্চ থেকে সিএনজি স্টেশনগুলো পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
জনস্বার্থে এবং জাতীয় গ্রিডে গ্যাসের চাপ বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।