image
গজারিয়া (মুন্সীগঞ্জ) : দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় -সংবাদ

দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাতা-কলমে ৫২ জন থাকলেও উপস্থিত মাত্র এক শিক্ষার্থী!

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ৮২ নম্বর দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতা-কলমে ৫২ জন শিক্ষার্থী রয়েছে দাবি করলেও আজ বুধবার ১ জন মাত্র শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে উপস্থিত পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা য়ায়, অবকাঠামোর ঘাটতি, শিক্ষকদের অব্যবস্থাপনা, খামখেয়ালি মনোভাব, সঠিক উপায়ে পাঠদানে অনিহা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের সঠিক তদারকির অপ্রতুলতার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়বিমুখ হয়ে পড়েছেন।

সরজমিন বুধবার দুপুর সাড়ে ১২টায় গিয়ে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণীর একজন মাত্র শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া গেছে। ওই শিক্ষার্থীকে সহকারী শিক্ষকদের ব্যবহারের জন্য নির্ধারিত কক্ষে বসে আপন মনে খাতায় অঙ্ক কষতে দেখা গেছে।

বৈদ্যারগাঁও এলাকার গ্রামীণ পাকা রাস্তাসংলগ্ন সেমিপাকা টিনের চৌচালা অবকাঠামো সম্মলিত বিদ্যালয়টিতে মোট ৩টি কক্ষ রয়েছে। শিশু শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বড় একটি কক্ষ, অপর একটি কক্ষে ভাগাভাগি করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা ব্যবহার করেন। মূল ঘরসংলগ্ন বারান্দার অপর একটি কক্ষ রয়েছে শিক্ষার্থীদের পাঠদানের জন্য।

বিদ্যালয়টিতে শিশুদের পাঠদানের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় একাধিক অভিভাবক।

জানা গেছে ১৯৯৬ সালে স্থাপিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হলেও পাঠদান ও ব্যবস্থাপনায় তেমন উন্নতি পরিলক্ষিত হয়নি। বিদ্যালয়ে বর্তমানে ৩ জন শিক্ষক ও ৫২ জন শিক্ষার্থী রয়েছে বলে দাবি করলেন সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, তিনি আরো জানালেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস সুলতানা অফিস সময়ে বিদ্যালয় ত্যাগ করে ব্যক্তিগত কাজে উপজেলা সদরের একটি ব্যাংকের শাখায় রয়েছেন। তিনিসহ দুইজন সহকারী শিক্ষক ও একজন ছাত্র ওই সময়ে বিদ্যালয়টিতে রয়েছেন।

টেংগারচর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ওই বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থীদের সংখ্যা ৩৬ এবং চলতি শিক্ষাবর্ষের শুরুতে তাদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে গজারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন এর কার্যালয়ে গিয়ে দুপুর ২টায় তাকে পাওয়া যায়নি, কার্যালয়ের অপর একটি সূত্রে জানা গেছে তিনি ওইদিন অফিসে আসেননি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলতে চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» আধুনিকতা ও প্রমিতকরণের দাপটে বিপন্ন উত্তরের লোকভাষা

সম্প্রতি