image
চাঁপাইনবাবগঞ্জ : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে -সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে রোজার শুরুতেই অনেক পণ্যের দাম বেড়ে দ্বিগুণ

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

পবিত্র রমজান মাসের চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রমজানকেন্দ্রিক পণ্যের দাম ২/৩ দিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই তালিকায় রয়েছে শসা, লেবু, কলাসহ বিভিন্ন ফল। অথচ এক সপ্তাহ আগেও নিত্যপণ্যের দাম স্থিতিশীল ছিল কিন্তু রোজার এক দিন আগেই চড়েছে বাজার। বাজার ঘুরে দেখা যায়, মাত্র ৩ দিন আগে প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। বর্তমানে সেই শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। একইভাবে বিভিন্ন সাইজের লেবু, যা আগে হালি প্রতি ২০/৩০ টাকা, এখন তা বেড়ে ৪০ থেকে ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ইফতারের আরেক জনপ্রিয় ফল পাকা কলা আগে হালি প্রতি ২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩০ টাকা । এছাড়া কাঁচা মরিচ; যা ৪ দিন আগে ১২০ টাকা কেজি ছিল, এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। ক্রেতাদের অভিযোগ, রমজান শুরু হলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং বাড়তি লাভের আশায় দাম বাড়িয়ে দেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়। একাধিক ক্রেতা জানান, রমজান সংযমের মাস হলেও বাজারে সংযমের কোনো চিহ্ন নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যদিনের বাজার খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। পরিবহন ব্যয় ও সরবরাহ ঘাটতির কথাও উল্লেখ করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রমজানজুড়ে সাধারণ মানুষকে আরও ভোগান্তির মুখে পড়তে হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» আধুনিকতা ও প্রমিতকরণের দাপটে বিপন্ন উত্তরের লোকভাষা

সম্প্রতি